১০ মামলা চাপা দিয়ে দেড় কোটি টাকার পদোন্নতির হাট!

পদোন্নতি বাণিজ্যে উত্তাল বন অধিদপ্তর

পূর্বধারা প্রতিবেদক :

শেয়ার করুন

বন অধিদপ্তরে পদোন্নতিকে কেন্দ্র করে বড় ধরনের অনিয়ম, জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং অর্থ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। নিম্ন ও উচ্চ আদালতে অন্তত ১০টি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও নিয়োগবিধি উপেক্ষা করে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট দেড় কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগের তীর অধিদপ্তরের প্রভাবশালী একটি চক্রের দিকে। এই তালিকায় আমীরুল হাসান, খান জুলফিকার, আব্দুল আহাদ, নাজমুল হাসান ও নাজমুল সর্দারসহ কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তাঁরা পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার ও মাঠপর্যায়ে অর্থ সংগ্রহের সমন্বয় করছেন।

পদোন্নতিতে দেড় কোটি টাকার হিসাব অভিযোগকারীরা জানান, পদোন্নতির সুপারিশ ‘ম্যানেজ’ করতে ব্যাচভিত্তিক সমন্বয়কের মাধ্যমে এই বিপুল অর্থ তোলা হচ্ছে। এর সপক্ষে বন বিভাগের কর্মীদের কথোপকথনের অডিও রেকর্ড থাকার কথাও জানিয়েছেন তাঁরা। একটি অডিও রেকর্ডে হাটহাজারী রেঞ্জের ডেপুটি রেঞ্জার সাইফুলের কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়ার আলোচনার কথা উল্লেখ রয়েছে। তবে অডিও রেকর্ডের সত্যতা এবং লেনদেনের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জ্যেষ্ঠতা নির্ধারণে বৈষম্যের অভিযোগ গত বছরের (২০২৫) ১১ সেপ্টেম্বর ৪৫৪ জন ফরেস্টারকে ২০২০ সালের ১৩ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষভাবে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়। এই আদেশে জ্যেষ্ঠতা নির্ধারণে চরম বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০০৫ সালে ফরেস্টার পদে যোগ দেওয়া এক কর্মকর্তা জানান, ২০০৭ সালেই তাঁর পদোন্নতির যোগ্যতা অর্জিত হলেও পরবর্তী সময়ে পদোন্নতি পাওয়া জুনিয়রদের জ্যেষ্ঠতার তালিকায় তাঁর ওপরে রাখা হয়েছে। ১৯৯০ থেকে ১৯৯৬ সালের মধ্যে যোগ দেওয়া এবং ২০০০ ও ২০০৪ সালে রাজস্ব খাতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নিয়েও একই ধরনের প্রশ্ন উঠেছে।

আদালতে মামলা ও স্থগিতাদেশ পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ও ৩-এ ০৭৪/২০২৫, ২৯৪/২০২৫, ৩৭৬/২০২৫, ৩৮৬/২০২৫, ১০/২০২৬ ও ২২১/২০২৬ নম্বরসহ একাধিক মামলা বিচারাধীন। এ ছাড়া হাইকোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (১১১০/২০২৬)-এর সূত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, প্রশাসনিক ট্রাইব্যুনালের ১১০/২০২৬ নম্বর মামলায় প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে এবং গত ১৫ নভেম্বর শুনানিতে তাঁকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক ভূঁইয়া বলেন, উচ্চ আদালতে মামলাগুলো বিচারাধীন এবং সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ পাঠানো হয়েছে। এ অবস্থায় পদোন্নতির কার্যক্রম এগিয়ে নেওয়া আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।

মামলা-তদন্ত চলমান রেখেই পদোন্নতি অভিযোগ রয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা, বিভাগীয় তদন্ত ও ফৌজদারি মামলা চলমান থাকা সত্ত্বেও আমীরুল হাসান, চিন্ময় মধু ও সুলতানুল আলমসহ কয়েকজন কর্মকর্তা ইতোপূর্বে পদোন্নতি পেয়েছেন।

কর্তৃপক্ষের বক্তব্য এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সহকারী প্রধান বন সংরক্ষক হুমায়ুন কবির বলেন, নিম্ন আদালতের মামলাগুলোতে পদোন্নতির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কারও নাম ব্যবহার করে অর্থ আদায় করা হলে তার দায়ভার তিনি নেবেন না।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৫ নম্বর ইউনিটের পরিচালক মো. আলতাফ হোসেন জানান, আদালতের নিষেধাজ্ঞা না থাকলে পদোন্নতি কার্যক্রম চালাতে কোনো আইনগত বাধা নেই। উচ্চ আদালতের কোনো নোটিশ তাঁর কাছে পৌঁছায়নি বলেও তিনি দাবি করেন।

এদিকে, জ্যেষ্ঠতা নির্ধারণে অসংগতি, বিচারাধীন মামলা এবং অর্থ সংগ্রহের এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। আদালতের আদেশ ও নিয়োগবিধি যথাযথভাবে অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে পদোন্নতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন

মন্তব্য করুন