কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় বজ্রপাত কেড়ে নিল এক নববধূর তাজা প্রাণ। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে ঘটে যাওয়া হৃদয়বিদারক এ ঘটনায় নিহত হয়েছেন রকিবা জান্নাত মুন্নী (১৯), যিনি মাত্র এক বছর আগে সংসার জীবনে পা রেখেছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। হঠাৎ শুরু হয় বৃষ্টি। সেই সময় নিজের ঘরের জানালার পাশে একটি চেয়ারে বসে ছিলেন মুন্নী। পরিবারের সদস্যরা জানান, আচমকাই বিকট শব্দে বজ্রপাত হলে মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো বাড়ির পরিবেশ।
স্বামী সাদেক হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, “কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। একটু আগেও সে আমার সামনে ছিল, হঠাৎ করেই চলে গেল না ফেরার দেশে।”
গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন দ্রুত তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত মুন্নী চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের মেয়ে। প্রায় এক বছর আগে উজানটিয়া ইউনিয়নের মোস্তাক আহমেদের ছেলে সাদেক হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। সদ্য গড়ে ওঠা সেই ছোট্ট সংসারটি এখন শুধুই স্মৃতি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে আছে।


