নিজের সংসদীয় এলাকা চট্টগ্রামের উত্তর মধ্যম হালিশহরের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ২১ অক্টোবর ২০২৬ বিকেলে তিনি এলাকার বিভিন্ন স্থান সরজমিনে ঘুরে দেখেন এবং উন্নয়নকাজ গুলোর অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনের শুরুতে অর্থমন্ত্রী আদর্শপাড়া বায়তুল নূর জামে মসজিদের কবরস্থানে মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি জাফর খানপাড়া মসজিদের মাটি ভরাট কার্যক্রমসহ আশেপাশের অন্যান্য এলাকার উন্নয়ন কাজের অগ্রগতি তদারকি করেন।
এরপর তিনি পর্যায়ক্রমে শেখ ফজর আলী মাতব্বর বাড়ি মসজিদ, ভেন্ডা চৌধুরী জামে মসজিদ ও ভূদা গাজী জামে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। পাশাপাশি পণ্ডিত বাড়ি কবরস্থানে মাটি ভরাট এবং সীমানাপ্রাচীর নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন চলতি কাজের সার্বিক খোঁজখবর নেন অর্থমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিদ্যমান অবস্থা ও নতুন উন্নয়ন চাহিদা সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ এম এ আজিজ, শাহ আলম, শেখ নুরুল্লাহ বাহার, মনজুর আলম এবং নগর বিএনপির সদস্য ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিল খ্যাত হাজী হানিফ সওদাগর, সরপরাজ কাদের রাসেল,বন্দর থানা বিএনপি সাবেক সহ সভাপতি হাসান মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, নগর যুবদলের যুগ্ন সম্পাদক মো : তাজু উদ্দিন
সহ স্থানীয় নেতারা।

