চট্টগ্রামে আরও অনেক হাসপাতাল প্রয়োজন। ইতিমধ্যে সরকার বিভিন্ন জায়গায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে এবং এটি দীর্ঘদিন ধরে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তবে শুধু ডায়াবেটিস রোগীদের সেবা নয়, সেবার মান বহুগুণে বৃদ্ধি করতে এই প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ মাল্টি-ডিসিপ্লিনারি হাসপাতালে রূপান্তরিত করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ ও তত্ত্বাবধায়ক কমিটির সদস্য ডা. গোলাম চৌধুরী নোবেল, অ্যাডভোকেট মো. মফিজুল হক ভূঁইয়া, হাসপাতালের উপ-পরিচালক ডা. সলিমুল্লাহ এবং কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট (চর্মরোগ বিশেষজ্ঞ) ডা. জুলেখা শামস।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সদস্য সচিব অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন জানান, বর্তমান তত্ত্বাবধায়ক কমিটি দায়িত্ব গ্রহণের ৫২তম দিনে এসে ১৩তম ডায়াবেটিস মেলা সফলভাবে উপহার দিতে পেরেছে। তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর প্রথমেই চেষ্টা করেছি হাসপাতালের সেবার মান সমুন্নত রেখে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে।’ গত ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলায় স্বাস্থ্য সচেতনতামূলক বই, ওষুধ, ইনসুলিন ও ডায়াবেটিস পরীক্ষার সরঞ্জামে বিশেষ মূল্যছাড়, স্বল্পমূল্যে এক্সিকিউটিভ হেলথ চেকআপ এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের আইনি জট ও বিগত কমিটির মামলা নিষ্পত্তি করে দ্রুত একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি, মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সিভিল সার্জন ডা সাজেদুর রহমান
এবং নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী মেলার চতুর্থ ও সমাপনী দিনে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি), আলোচনা সভা এবং আদর্শ রোগী ও সেরা স্টলকে পুরস্কৃত করার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

