আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে ১৭ সদস্যের আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরীর উদ্যোগে গঠিত এ কমিটির কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় ইউনিয়নের টাইমবাজারে পরিষদ কার্যালয়ে কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাশেদ নূরী। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, যানজট নিরসন, নির্বিঘ্ন যাতায়াত এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
রাশেদ নূরী বলেন, ‘শীলকূপে সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুন জয় ধর, রাজনৈতিক প্রতিনিধি ডা. মো. ইউনুছ ও রবিউল আলম, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার ও মোহাম্মদ ফিরোজ সিকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুসরাত আলমের প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোছাইন সোহাগ, সাংবাদিক প্রতিনিধি শিব্বির আহমদ রানা, স্বাস্থ্য সহকারী পারেসুল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জানে আলম, টাইমবাজার জামে মসজিদের খতিব মাওলানা লেয়াকত আলী, টাইমবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সোলতান, টাইমবাজার সিএনজি সমিতির সভাপতি মির হোসেন, ইউনিয়ন পরিষদের দফাদার আশরাফ আলী ও স্থানীয় রিয়াজুল হকসহ অনেকে।
সভায় পূজার আগে ও উৎসব চলাকালে নিরাপত্তা জোরদার, সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

