আবারও বন্যা আতঙ্কে উত্তরাঞ্চল, বাড়ছে তিস্তার পানি

মোঃ মকবুলার রহমান, নীলফামারীঃ

শেয়ার করুন

টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের প্রভাবে আবারও উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চলের তিস্তা নদী। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা যায়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, লালমনিরহাটের হাতীবান্ধা ডালিয়া পয়েন্টে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র ৯ ঘণ্টায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। এ প্রবণতা অব্যাহত থাকায় যেকোনো সময় নদীর পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। ঝুঁকি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে এবং বাড়তি সতর্কতা হিসেবে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি আরও বাড়তে পারে। এর ফলে লালমনিরহাট ছাড়াও রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

গত আগস্ট মাসে টানা তিন দফা বন্যায় বিপর্যস্ত হন তিস্তাপাড়ের কৃষকরা। পানিতে তলিয়ে যায় তাদের বোনা আমন ধান। পরবর্তীতে কৃষকরা নতুন করে আমন চারা রোপণ করলেও ফের পানি বৃদ্ধির কারণে সেই ফসল নষ্ট হওয়ার শঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রামীণ জনপদে।

তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, “দুপুর ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে ছিল। নদীপাড়ের মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।”

এ বিষয়ে পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, “অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে পানি দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং জনসচেতনতা তৈরিতে কাজ করছি।”

আরও পড়ুন  খাতুনগঞ্জের সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় সভা
শেয়ার করুন

মন্তব্য করুন

;